খুলনায় আইজিপি:
খুলনা অফিস
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে এবং পুলিশ চাইলে এখন থেকে অভিযোগ ছাড়াই নিজ উদ্যোগে (স্বেচ্ছাপ্রণোদিত হয়ে) আইনগত পদক্ষেপ নিতে পারবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শনিবার (২৪ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে আয়োজিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।
কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম, পিটিসি খুলনার কমান্ড্যান্ট এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনা।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টায় অপরাধমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে হবে। মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সাইবার অপরাধ রোধে কমিউনিটি পুলিশিং সদস্য, স্কাউট ও ক্যাডেটদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে বাঁচাতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অভিভাবকত্ব বজায় রাখার পরামর্শও দেন।
তিনি আরও বলেন, হয়রানিমুক্ত ও দ্রুত সেবা নিশ্চিত করতে থানা পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।