স্টাফ রিপোর্টার
, যশোর
দশ বছরের শিশু রেয়ানকে মারপিটের কারণ জানতে গিয়ে মা সুরাইয়া আকতার (৩১) নিজেও হামলার শিকার হয়েছেন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার নুরনবীকে (৩২)। নুরনবীর বাবার নাম তাপস।
চাঁচড়া এলাকার তানজিব আহমেদের স্ত্রী সুরাইয়া এজাহারে উল্লেখ করেছেন, তিনি বর্তমানে পুরাতন কসবা এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন। গত ২০ অক্টোবর দুপুরে তার ছেলে রেয়ান ও নুরনবীর ভাগনি আফিয়া (১১) বাড়ির সামনে খেলা করছিল। এরই মধ্যে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। তখন নুরনবি তার ছেলেকে গলা চেপে ধরে কিল-ঘুসি মেরে জখম করে।
বেলা তিনটার দিকে বাড়িতে ফিরে জানতে পেরে তিনি নুরনবীর বাড়িতে গিয়ে মারপিটের কারণ জানতে চান। তখন সে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ তাকেও মারপিট করে। ইট দিয়ে মুখমণ্ডলে আঘাত করায় তিনি রক্তাক্ত জখম হন। মাটিতে ফেলে তার শ্লীলতাহানি ঘটানো হয়। আশেপাশের লোকজন এগিয়ে গেলে নুরনবী তাকে হুমকি দিয়ে চলে যায়।
পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ ওই অভিযোগ শনিবার (২৪ অক্টোবর) মামলা হিসাবে রেকর্ড করেছে।