খুলনা অফিস
খুলনার নিরালা আবাসিক এলাকায় সালমান (২৩) নামের এক যুবককে গুলি করে ল্যাপটপসহ ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের নাসিম ট্রেডার্সের সামনে এই ঘটনা ঘটে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ সালমান খুলনা শহরের সবুজবাগ এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে পিয়ন হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান প্রায় প্রতিদিনই একই সময়ে কোম্পানির টাকাভর্তি ব্যাগ নিয়ে ব্যাংকে জমা দিতে যান। তবে মঙ্গলবার তার ব্যাগে কোনো টাকা ছিল না, কেবল একটি ল্যাপটপ ছিল।
বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের নাসিম ট্রেডার্সের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা ৪-৫ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে।
এরপর দুর্বৃত্তরা সালমানের কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।