কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে দীপংকর হালদার (৩২) নামে এক মাছ ব্যবসায়ীকে হাত-মুখ বেঁধে মারধর করে মাছ বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর-লক্ষ্মীকুণ্ডু মাঠে এ ঘটনা ঘটে। দীপংকর হালদার উপজেলার জয়দিয়া গ্রামের বাসিন্দা।
পরিবারের দাবি, ছিনতাইকারীদের হামলায় দীপংকরের ১৩ থেকে ১৪ হাজার টাকা খোয়া গেছে।
দীপংকরের ভাই সুব্রত হালদার জানান, বুধবার দীপংকর বিভিন্ন গ্রামে মাছ বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন। পথে রামচন্দ্রপুর-লক্ষ্মীকুণ্ডু মাঠে পৌঁছালে ৩/৪ ব্যক্তি হাত-মুখ কাপড় দিয়ে বেঁধে তাকে মারধর করে । এসময় তার মাছ বিক্রির প্রায় ১৩ থেকে ১৪ হাজার টাকা ছিনিয়ে নেন।
তিনি আরও জানান, পরে এক পথচারী দীপংকরকে ওই অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন এবং ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন। ভুক্তভোগীর পরিবার মামলা করবেন না বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড়া ওই এলাকায় এখন থেকে নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হবে।