স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আশিকুর জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহতের বাবা ও ভাই গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঝিকরগাছা উপজেলার সোনাকুর দোয়ালীপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আশিকুর জামান ওই গ্রামের আছিরউদ্দিনের ছেলে। আহতরা হলেন—নিহতের বাবা আছিরউদ্দিন (৭০) ও ভাই আশরাফুজ্জামান (৫০)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে আছিরউদ্দিনের সঙ্গে তার ভাই আমিন উদ্দীনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে এই নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন উদ্দীনের ছেলে নজরুল (৫০) ও ফজলু রহমান (৪৫) এবং নজরুলের দুই ছেলে মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) শাবল ও দা নিয়ে আছিরউদ্দিনের পরিবারের ওপর হামলা চালায়।
হামলাকারীরা আশিকুর জামানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে গিয়ে বাবা আছিরউদ্দিন ও ভাই আশরাফুজ্জামানও আহত হন। পরে রাত ১টার দিকে আশিকুরকে মুমূর্ষু অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. আনোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই আশিকুরের মৃত্যু হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত অন্য দুজনকে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য জুয়েল হোসেন জানান, ঘটনার বিবরণ কোতোয়ালি থানায় অবহিত করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ঝিকরগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।