জামায়াতের বিক্ষোভ সমাবেশে
মাগুরা প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত আমির সাঈদ আহমেদ বাচ্চু, যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল মতিন, শহর আমির আশরাফুল আলম, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাহাবুবুর হোসেন, অলিয়ার রহমান ও এরশাদ উল্লাহ ওহীদসহ অন্যান্য নেতারা।
সভায় বক্তারা অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর লগি-বৈঠা দিয়ে নৃশংস হামলা ও নির্যাতন চালান। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। কর্মসূচিতে জেলা ও শহর শাখার সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।