নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চারটি চোরাই ইজিবাইক, একটি মোটরসাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। চালকদের কৌশলে অজ্ঞান করে যানবাহন ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত এই চক্রটিকে দীর্ঘদিনের তৎপরতার পর গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার বিকেলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার এ খবর নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন—সদর উপজেলার বাঁশগ্রামের মিরাজুল ইসলাম (৩০), রিফায়েত মোল্যা (১৬) ও সবুজ মোল্যা (৩৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাঁশগ্রাম এলাকায় রাতভর অভিযান চালিয়ে এই চক্রটির সন্ধান পায় পুলিশ। প্রথমে মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রিফায়েত মোল্যা এবং সবুজ মোল্যার বাড়িতে পৃথক অভিযান চালিয়ে আরও তিনটি ইজিবাইক ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ জব্দ করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নড়াইল শহরের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ও চালকদের টার্গেট করে আসছিল। তারা চালকদের কৌশলে অজ্ঞান করে যানবাহন ছিনতাই ও চুরির সাথে জড়িত ছিল।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত সব মালামাল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।