মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ঝিনাইদহের মহেশপুরে ১২৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ তিন হাজার টাকা ও একটি স্মার্টফোনসহ শফিউল্লাহ (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবি করা হচ্ছে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও দুই সহযোগী পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের রবিউল হোসেনের পেয়ারা বাগানে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার শফিউল্লাহ কুল্লাহ গ্রামের সুজার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই অপু কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল নেপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শফিউল্লাহকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা, নগদ টাকা এবং একটি ভিভো ব্র্যান্ডের স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩৭ হাজার টাকা।
এ ঘটনায় এসআই হিমানিশ বিশ্বাস বাদী হয়ে ৩০ অক্টোবর মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-৫২)।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানান, এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।