কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ব্রাহ্মণডাঙ্গা বিলের মৎস্য ঘেরের পাশ থেকে উদ্ধার হওয়া দুই ব্যক্তির গলিত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত দুজন স্বামী-স্ত্রী।
তারা হলেন কেশবপুর উপজেলার মাগুরখালি গ্রামের মৃত জোবান সরদারের ছেলে আলেক সরদার (৪৫) ও তার স্ত্রী মাজেদা খাতুন (৩৫)।
খোঁজখবর নেওয়ার পর রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় তাদের পরিচয় নিশ্চিত হয় বলে থানা সূত্রে জানা গেছে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কেশবপুর থানা পুলিশ উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বিলের একটি মৎস্য ঘেরের পাশ থেকে তাদের গলিত লাশ উদ্ধার করে।
ঘেরটি সিরাজুল ইসলামের।
পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে দুর্বৃত্তরা ওই দম্পতিকে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে যায়। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো জানা যায়নি।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ব্রাহ্মণডাঙ্গা বিল থেকে উদ্ধার হওয়া স্বামী-স্ত্রীর পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।