স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের তুলারামপুর ব্রিজের পাশে কে বা কারা নির্মমভাবে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখেছিল দিনমজুর হাবিবুর রহমানকে (২৫)।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে ১ নভেম্বর মারা গেছেন তিনি।
তবে কী কারণে এবং কারা তাকে মারধর করেছিল, সেই রহস্য এখনো উদ্ঘাটন হয়নি।
নিহত হাবিবুর রহমান যশোরের বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের জসিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে তুলারামপুর ব্রিজের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় হাবিবুরকে।
বাবা জসিম উদ্দিন জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
পরে ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একজন দিনমজুরকে কারা এভাবে মারধর করে রাস্তার পাশে ফেলে গেল, কী কারণে এ ঘটনা ঘটেছে-তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পূর্বশত্রুতা, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণে হাবিবুরের ওপর হামলা চালানো হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্বজন ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।