চৌগাছা প্রতিনিধি
পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী, কার্যক্রম নিষিদ্ধ চৌগাছার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম ওরফে শফি মেম্বারকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার কাবিলপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
শফিকুল ইসলাম উপজেলার কাবিলপুর গ্রামের সোনাই মণ্ডলের ছেলে।
পুলিশ জানিয়েছে, ২০১৭ সালের ২৪ মে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান শীর্ষ মাদক কারবারি শফি মেম্বার ওরফে শফিকুল ইসলামকে ধরিয়ে দিতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এরপর তিনি বিদেশে চলে যান। পরে দেশে ফিরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং ২০১৭ সালের ২৮ মে চৌগাছার ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাকে সভাপতি ঘোষণা করা হয়।
২০২৪ সালের ৫ আগস্টের পর চৌগাছায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বজায় রাখতে তার সক্রিয় ভূমিকা রয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় তার বাড়ি হওয়ায় ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মীদের যোগাযোগ রক্ষায়ও তিনি সমন্বয়কের ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে।
চৌগাছা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন শফিকুলের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শফি মেম্বার ওরফে শফিকুলের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।