খুলনা অফিস
সুন্দরবনের "কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনী’র প্রধান" জোনাব আলীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ (স্পেশাল রেসকিউ ব্যাটালিয়ন) এর বিশেষ কোম্পানির একটি দল। শুক্রবার রাতে খুলনার হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকার মৃত কেরামত আলীর ছেলে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে এসআরবি-৬-এর একটি বিশেষ দল খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে সুন্দরবনের ত্রাস ও জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, সুন্দরবন অঞ্চলের সাধারণ জেলে, বাউয়ালি ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই বাহিনী। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।