স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুরে বস্তাবন্দী অবস্থায় রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রঞ্জন মণ্ডল পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে হেলারঘাট এলাকায় একটি বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তারা কাছে গিয়ে তল্লাশি চালান এবং ভেতরে মানবদেহ দেখতে পান।
পরে মণিরামপুর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করে। প্রথমে পরিচয় জানা না গেলেও পরে তার নাম ও ঠিকানা শনাক্ত করে পুলিশ।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহটি রঞ্জন মণ্ডলের। তার বাড়ি কেশবপুর উপজেলায়। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটন এবং অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।