খুলনা অফিস
খুলনায় অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ছয় সক্রিয় সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুলনা সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
কেএমপি খুলনা সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শফিকুল ইসলামের নেতৃত্বে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেনসহ থানার একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মকবুল শেখের ছেলে সবুজ শেখ (২৮), ঝন্টু হাওলাদারের ছেলে বিশ্বজিৎ হাওলাদার (২৭), জাহাঙ্গীর হাওলাদারের ছেলে তাসিন ওরফে কাজল (২০), হায়দার আলী সরদারের ছেলে রব্বানী সরদার (২৮), হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২০) এবং মৃত শেখ নুর ইসলামের ছেলে রাসেল শেখ (২৫)।
পুলিশ জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সবুজ শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন বলেন, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে চক্রের মূল হোতা নূর আজিমের প্রত্যক্ষ নির্দেশে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল, বেসরকারি সংস্থা এবং কোচিং সেন্টারে গিয়ে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। গ্রেপ্তার সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি জানান।
খুলনা সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সন্ত্রাসী নূর আজিম বাহিনীর সদস্য। সন্ত্রাসীদের নির্মূল করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।