সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আট লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গুঁড়া দুধ, ওষুধ, মোবাইলের চার্জিং পিন, খুচরা যন্ত্রাংশ ও কাশির সিরাপ।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনে পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর বিওপি ও ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, পদ্মশাখরা বিওপির টহল দল সীমান্ত পিলার-১ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চেয়ারম্যানের মোড় এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় গুঁড়া দুধ জব্দ করে।
কাকডাঙ্গা বিওপির টহল দল কেঁড়াগাছি ও ভাদিয়ালি এলাকা থেকে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে।
এ ছাড়া মাদরা বিওপির টহল দল চান্দা এলাকা থেকে ছয় লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের চার্জিং পিন এবং সুলতানপুর বিওপির টহল দল একই এলাকার কাছাকাছি স্থান থেকে ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইলের খুচরা যন্ত্রাংশ জব্দ করে।
অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল হাড়দ্দহা এলাকা থেকে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আরসি কাফ সিরাপ জব্দ করে।
সব মিলিয়ে এসব অভিযানে জব্দ করা পণ্যের বাজারমূল্য আট লাখ ৬৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।