বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় দিনদুপুরে চাপাতি দেখিয়ে বিকাশের এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারের (ডিএসও) প্রায় ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সাইনবোর্ড মোড়ের গোলচত্বরে এ ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইকারীদের হামলায় রাস্তায় পড়ে সামান্য আহত হন ভুক্তভোগী বাচ্চু শেখ। তিনি বাগেরহাটের বিকাশ পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের ডিএসও হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু শেখ রাস্তা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা পাঁচ ব্যক্তি তার পথরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা চাপাতি বের করে তাকে কোপানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা ব্যাগটি নিয়ে দুটি মোটরসাইকেলে করে বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যায়।
জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর কুদরতী জানান, সকালে অফিস থেকে টাকা নিয়ে এজেন্টদের কাছে লেনদেনের জন্য বের হন বাচ্চু শেখ। ছিনতাই হওয়া ব্যাগে আনুমানিক ছয় লাখ টাকা ছিল।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ৩ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় একই কায়দায় বিকাশের এক ডিএসওর কাছ থেকে দুই লাখ টাকার বেশি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আর ২৮ অক্টোবর পুরাতন মাজার মোড় এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ও অফিসের ব্যাগ ছিনতাই করা হয়।