স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের অভয়নগরে ২৬ লিটার চোলাই মদসহ আটক মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফছা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত শফিকুল অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের মৃত খয়বার ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল নওয়াপাড়া মাছ বাজার সংলগ্ন ভৈরব নদের পাড়ে অভিযান চালায়। এ সময় একটি টং ঘর থেকে শফিকুলকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি ইউনুস আলী বাদী হয়ে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় দেন।