লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় সাড়ে সাড়ে কেজি গাঁজাসহ শাবানা খানম (৩২) নামে এক নারীকে আটকের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী ফারুক খান (৪০) পালিয়ে যান।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অধিদপ্তরের নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক শাবানা খানম লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া লসকরপাড়ার ফারুক খানের স্ত্রী। পলাতক ফারুক খান একই গ্রামের সরোয়ার খানের ছেলে। শাবানা গৃহিণী, তার স্বামী ফারুক রাজমিস্ত্রি।
অধিদপ্তর বলছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদ পেয়ে পাঁচুড়িয়া লসকরপাড়ায় ফারুক খানের বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি দল। অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে ঘরের ভেতর তল্লাশি করে পূর্ব পাশে রাখা চৌকিতে লেপে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ফারুক খান পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী শাবানা খানমকে আটক করা হয়।
অধিদপ্তরের নড়াইল কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানিয়েছেন, তারা স্বামী-স্ত্রী মিলে এক বছর ধরে লোহাগড়ার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। তবে হেফাজতে থাকায় ওই নারীর বক্তব্য জানা যায়নি।
শাবানাকে রাতেই লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা নিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।