স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে চুরির শিকার হয়েছেন আবিরন বেগম (৫০) নামে এক নারী। হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে বসে থাকার সময় কৌশলে তার ব্যাগ থেকে এক হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে সালমা খাতুন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবিরন বেগম যশোরের চৌগাছা উপজেলার আড়ারদাহ গ্রামের মৃত শামসুল মণ্ডলের স্ত্রী।
সালমা খাতুন জানান, তিনি তার মা ও শিশু কন্যাকে চিকিৎসক দেখাতে হাসপাতালে এসেছিলেন। প্যাথলজি বিভাগের সামনে অপেক্ষা করার সময় তার মায়ের ব্যাগ থেকে কৌশলে এক হাজার টাকা হাতিয়ে নেয় চোর। ওই সময় তার মায়ের পাশে দুই নারী বসেছিলেন এবং তারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে তিনি সন্দেহ করছেন।
তিনি আরও জানান, সাথে থাকা টাকা চুরি হয়ে যাওয়ায় অর্থ সংকটে তারা চিকিৎসকের দেওয়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না করিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ('ক' সার্কেল) সাইফুল ইসলাম জানান, হাসপাতালে রোগীর টাকা চুরির বিষয়টি তিনি জেনেছেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার চুরির ঘটনা প্রায়ই ঘটছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।