পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় পৃথক অভিযানে নাশকতা ও অপহরণ মামলার দুই আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কপিলমুনি বাজার ও পার্শ্ববর্তী কয়রা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামানের নেতৃত্বে কপিলমুনি বাজারে অভিযান চালানো হয়। এ সময় পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত গোষ্ঠ কর্মকারের ছেলে পঙ্কজ কর্মকারকে আটক করা হয়। পরে তাকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, পঙ্কজ কর্মকারকে পাইকগাছা থানার ২০২৪ সালের একটি নাশকতা মামলায় (নম্বর ১১) সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছে।
অন্যদিকে, কয়রা থানা-পুলিশের সহায়তায় পরিচালিত অপর এক অভিযানে বায়োজিত মোল্লাকে আটক করা হয়। তিনি কয়রা উপজেলার পাটনিখালী গ্রামের মঞ্জু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি অপহরণ মামলা (নম্বর ৭/১১) রয়েছে।
পাইকগাছা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।