যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:২৬ পিএম
যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ

যশোরে ইয়াসিন আরাফাত (২০) নামে এক মাদ্রাসাছাত্রকে অস্ত্রের মুখে অপহরণ, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ইজিবাইকে তুলে নিয়ে তাকে মারধর করে এবং কাছে থাকা নগদ ৫ হাজার ৭০০ টাকা কেড়ে নেয়। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হলেও মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ইয়াসিন আরাফাত যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর শেখপাড়ার এরশাদ শেখের ছেলে। তিনি রূপদিয়া জিরাট মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, গত ১১ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ইয়াসিন সীতারামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়ক দিয়ে খেলা দেখতে যাচ্ছিলেন। এ সময় ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে একটি ইজিবাইকে তুলে নেয় এবং চোখ বেঁধে ঝুমঝুমপুর ময়লাখানার পেছনের একটি বাগানে নিয়ে যায়।

সেখানে নিয়ে দুর্বৃত্তরা তার কাছে থাকা ৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয় এবং পরিবারের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা আদায়ের জন্য তাকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেওয়ার সময় অপহরণকারীরা জানায়, পরবর্তীতে ফোন করে যে বিকাশ নম্বর দেওয়া হবে সেখানে এক লাখ টাকা পাঠাতে হবে। অন্যথায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বাড়িতে ফিরে ইয়াসিন পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

ভুক্তভোগীর অভিযোগ, পরদিন ১২ নভেম্বর সকাল থেকে ০১৯০৭-৬৭০১৩৩ নম্বর থেকে তার ব্যবহৃত ০১৯৫০-৯৩৫৬৬০ নম্বরে বারবার ফোন করে এক লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে নানাভাবে ক্ষতির হুমকি দেওয়ায় ইয়াসিন ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বলেন, অভিযোগের কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)