লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও সামাজিক অস্থিরতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার দুই শতাধিক ইমামকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মসজিদে খুতবা, ওয়াজ ও ধর্মীয় আলোচনার মাধ্যমে সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার সকালে প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম।
ইউএনও এসএম মুস্তাফিজুর রহমান বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেয়। এর ফলে লেখাপড়া বন্ধ হয়ে যায়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জুমার খুতবা, ওয়াজ ও গ্রামের বিভিন্ন বৈঠকে এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।
তিনি বলেন, ইভটিজিংয়ের কারণে অনেক মেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিচ্ছে। রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। একইভাবে মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে মসজিদ থেকে সচেতনতার আওয়াজ তুলতে হবে।
সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে ইউএনও বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কী করছে এবং মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে কি না, সে বিষয়ে পরিবারকে খোঁজখবর রাখতে হবে। ইমামরা পাঁচ ওয়াক্ত নামাজের সময় এবং বিশেষ করে জুমার নামাজের বয়ানে এসব সামাজিক সমস্যার কুফল তুলে ধরলে অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
ওসি মো. শরিফুল ইসলাম বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নেবে। তবে অপরাধের তথ্য সবার আগে প্রশাসন ও পুলিশের কাছে পৌঁছানো জরুরি। সমাজের সম্মানিত ব্যক্তি হিসেবে ইমামদের কাছে সাধারণ মানুষ বিভিন্ন তথ্য দিয়ে থাকেন। তারা সহযোগিতা করলে অপরাধীদের আইনের আওতায় আনা সহজ হবে।
কোনো ইমাম যেনো বাল্যবিবাহ না করান, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
সভায় উপস্থিত ইমামরা বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।