শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে একটি এমএম পিস্তল একটি ম্যাগজিন ৫ রাউন্ড গুলি ও ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার রাত ১১ টার সময় বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন- কায়বা বিওপির সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা অস্ত্রসহ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসানের নেতৃত্বে টহল দল কায়বা গ্রামের দাদখালী এলাকায় অবস্থান নেন। তারা দেখেন, ভারত থেকে ইছামতি নদী পার হয়ে কায়বার দিকে এক ব্যক্তি আসছে। কাছাকাছি হলে তাকে থামতে বললে সে তার সাথে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশ করে একটি ৭.৬৫ এমএম পিস্তল (চীনা), একটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার মালামালের মূল্য প্রায় এক লাখ ২২ হাজার টাকা।