সুবর্ণভূমি ডেস্ক
নওগাঁর নিয়ামতপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতি ও তাদের দুই ছেলে–মেয়ের মরদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মিডিয়াকে তাদের নাম–পরিচয় নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
পারভেজ বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে বাড়িতে আসেন তিনি।
তার কাছে গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। এ ছাড়া বাড়িতে থাকা স্বর্ণালংকারও লুট করে নিয়ে গেছে।
ওসি মাহবুবুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকেছিল। পরিচয় প্রকাশ হওয়ার আশংকায় ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়।