স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর অঞ্চলের রেল যোগাযোগ উন্নয়নে দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে নতুন আন্তঃনগর ট্রেনসহ পাঁচ দফা দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।
মঙ্গলবার এই স্মারকলিপি প্রদানকালে নেতারা অভিযোগ করেন, প্রায় ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ঢাকা–যশোর পদ্মাসেতু রেল প্রকল্প বাস্তবায়ন করা হলেও যশোরবাসী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত।
এমনকি এক পর্যায়ে যশোরবাসীকে ২০ কিলোমিটার দূরে গিয়ে ট্রেন ধরার পরিকল্পনা করা হলে স্থানীয়দের তীব্র আন্দোলনের মুখে উদ্বোধনের দিন একটি ট্রেন দেওয়া হয়, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
বর্তমানে দিনে একটি ট্রেন মাত্র দুইবার যাতায়াত করছে, ফলে বিপুল সংখ্যক যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন। এই অবস্থায় সংগ্রাম কমিটির পক্ষ থেকে ভোরবেলা বেনাপোল থেকে যশোর–নড়াইল–ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু, দর্শনা সীমান্ত থেকে একই রুটে দুটি আন্তঃনগর ট্রেন, একটি লোকাল ট্রেন সংযোজন, দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং সুবিধাজনক স্থানে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) স্থাপনের দাবি জানানো হয়েছে।
কমিটি মনে করে, এসব দাবি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি যেমন গতিশীল হবে, তেমনি রেলওয়েও আর্থিকভাবে লাভবান হবে। এসব সমস্যা সমাধানে তারা স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।