ঝিনাইদহ প্রতিনিধি
নির্ধারিত সময়ের আগেই বাড়তি দামে অটোগ্যাস বিক্রি করার অপরাধে ঝিনাইদহের 'বিএম অটোগ্যাস ফিলিং স্টেশন'কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থ অভিযোগকারী গ্রাহককে প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এই জরিমানা করেন সহকারী পরিচালক নিশাত মেহের।
গত ২ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করে। ঘোষণা অনুযায়ী ওইদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা ছিল। তবে ঝিনাইদহ সদর উপজেলার বিশমাইল এলাকায় অবস্থিত বিএম অটোগ্যাস স্টেশন নির্ধারিত সময়ের আগেই গ্রাহকদের কাছ থেকে বাড়তি দাম আদায় শুরু করে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোহাগ নামের এক ভুক্তভোগী গ্রাহক গত ৫ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার সকালে উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে বিএম অটোগ্যাস স্টেশনের ম্যানেজার নাসির উদ্দিনের উপস্থিতিতে তথ্য-প্রমাণ যাচাই করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১,২৫০ টাকা অভিযোগকারী সোহাগকে তাৎক্ষণিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। সন্তোষ প্রকাশ করে সোহাগ বলেন, আমার কাছ থেকে ২ হাজার টাকার গ্যাসে ৪৫০ টাকা বেশি নেওয়া হয়েছিল। প্রতিবাদ ও অভিযোগ করায় আজ আমি তার সুরাহা পেলাম। ভোক্তা অধিকারকে ধন্যবাদ।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, অনিয়ম করায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।