কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামকে (৩৬) বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টাকালে বাধা দেওয়ায় এলোপাথাড়ি গুলিবর্ষণ করেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হাফেজ প্রামাণিকের ছেলে ও স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলামকে মুখোশধারীরা জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বাধা দিতে এগিয়ে আসেন।
এসময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে রবিউলসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ ও আহত হন। আহতদের মধ্যে সোহেল রানা, তমা খাতুন, কামরুল ইসলাম, মুন্নি, রুনা খাতুন, মিতা খাতুন, তৌহিদুল ইসলাম ও মেরিনা রয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের বাধা দেওয়ার সময় গুলিবর্ষণে বেশ কয়েকজন আহত হয়েছেন।
তবে এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি এবং ঠিক কী কারণে কারা এই হামলা চালিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।