স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের শার্শা উপজেলায় জমি-জমা ও কবরস্থান দখলকে কেন্দ্র করে প্রভাবশালী আত্মীয়দের বিরুদ্ধে অমানবিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলেছেন আফরোজা আক্তার নামে এক নারী।
বুধবার (৬ মে) প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন যে, তার ভাইপো মহসিন কবীরের নেতৃত্বে তার আপন ভাইসহ পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে।
আফরোজা আক্তারের দাবি, অভিযুক্তরা কেবল তার জমি দখল ও পুকুরের মাছ চুরিই করেনি, বরং তার মা ও সন্তানের কবর পর্যন্ত দখল করে রেখেছে। এসব অন্যায়ের প্রতিবাদ করলে তাকে নিয়মিত খুন-জখমের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি আরও জানান, গত ২৮ ডিসেম্বর বিবাদীদের বাড়িতে আপস-মীমাংসার জন্য গেলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে বের করে দেওয়া হয় এবং পরবর্তীতে তার ভোগদখলীয় পুকুর থেকে মাছ চুরির প্রতিবাদ করলে উল্টো তার নামেই শার্শা থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়।
ভুক্তভোগী এই নারী আক্ষেপ করে বলেন, থানা থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে উল্টো তাকে হয়রানির শিকার হতে হয়েছে এবং প্রভাব খাটিয়ে গণমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার করে সামাজিক সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরার একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।