স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার কামালপুরে (সতীঘাটা) বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সোমবার (১১ মে) দুপুরে হামলায় পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারী আহত হয়েছেন।
এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, কামালপুরের (সতীঘাটা) আব্দুস সালামের স্ত্রী জাহানারা খাতুন (৪৫) এবং দুই মেয়ে শারমিন খাতুন (২৫) ও সুমি সওদাগর (১৯)।
পুলিশ জানায়, ওই ঘটনায় আটক তিনজনসহ ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মনিরুজ্জামান খাঁন।
আটক তিনজন ছাড়া মামলার অপর তিন আসামি হলেন, কামালপুরের (সতীঘাটা) পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক আব্দুস সালাম (৫০), মৃত আবু ড্রাইভারের ছেলে মামুন (৩০) ও মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম (৩৫)।
এজিএম (প্রশাসন) মনিরুজ্জামান খাঁন মামলায় উল্লেখ করেছেন, গ্রাহক আব্দুস সালামের তিন মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।
এ কারণে তাদের লাইনম্যান অরিন্দম মন্ডল ও জিতু টিকাদার সোমবার দুপুরে সেখানে গিয়ে আব্দুস সালামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ সময় আব্দুস সালাম এবং তার স্ত্রী ও মেয়ে প্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন এবং কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
তখন কর্মচারীরা তাদের গালি দিতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে তারা মারধর শুরু করেন। এক পর্যায়ে মামুন নামে একজন কর্মচারী অরিন্দম মন্ডলকে ছুরিকাঘাত করেন।
অন্যরা লোহার রড দিয়ে কর্মচারী জিতু টিকাদারকে মারধর করেন।
পরে তারা দুই কর্মচারীকে ঘরের ভেতর নিয়ে আটকে রাখেন। এরই মধ্যে আটক কর্মচারীরা মোবাইল ফোনে বিষয়টি এজিএম মনিরুজ্জামান খাঁনকে জানান।
এ খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ সময় পুলিশ আটক করে আব্দুস সালামের স্ত্রী ও দুই মেয়েকে। অন্যরা পালিয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আটক তিনজনকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।