মাগুরা প্রতিনিধি
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেলোয়ার হোসেন খান রিপনের বিরুদ্ধে একই কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষার্থী অভিযোগে লিখেছেন, একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলে ওই শিক্ষক তাকে সাজেশন দিয়ে সহযোগিতা করার কথা বলেন। একপর্যায়ে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময়ে তার সাথে অশালীন ভাষায় কথা বলেন ও কুপ্রস্তাব দেন। সেগুলোর স্ক্রিনশটসহ প্রিন্সিপালের কাছে অভিযোগ জানালেও কোনো বিচার হয়নি।
কলেজের অন্যান্য শিক্ষার্থীরা বলেন, শিক্ষক দেলোয়ার হোসেনের চরিত্র নিয়ে এর আগেও কথা উঠেছে। সম্প্রতি আরেক শিক্ষার্থীকে এভাবে কুপ্রস্তাব দেওয়ার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে তারা আন্দোলনে যাবেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন বলেন, ‘কলেজের শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একজন শিক্ষার্থীকে অশালীন কথা বলা ও অনৈতিক প্রস্তাবের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথমে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও আরও এক সপ্তাহের সময় চেয়েছে তদন্ত কমিটি। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।’
অভিযুক্ত শিক্ষক মো. দেলোয়ার হোসেন খান রিপনের কাছে এ বিষয়ে জানতে চাইলে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলতে রাজি হননি।