যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ব্যবসায়ীকে ‘গুম চেষ্টা’র অভিযোগ স্ত্রীর

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৯:৪৫ পিএম
ব্যবসায়ীকে ‘গুম চেষ্টা’র অভিযোগ স্ত্রীর

স্বামীকে অপহরণের পর গুমের চেষ্টা করা হচ্ছে— এমন অভিযোগ এনে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন অনামিকা দাস পপি নামে এক নারী। সোমবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার স্বামী খুলনার ব্যবসায়ী কালীশংকর সাহা অরবিন্দুকে পরিকল্পিতভাবে আটকে রেখে তার সম্পত্তি আত্মসাতের চেষ্টা চলছে।

লিখিত বক্তব্যে অনামিকা দাস বলেন, তিনি দীর্ঘ ১৪ বছর ধরে স্বামী পরিত্যক্তা হিসেবে খুলনায় বসবাস করে আসছিলেন। এ সময় ব্যবসায়ী কালীশংকর সাহা অরবিন্দুর সঙ্গে তার পরিচয় হয়। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি একাকী হয়ে পড়েন এবং ছেলে ও পুত্রবধূর অবহেলা ও নির্যাতনের শিকার ছিলেন বলে তাকে জানান।
তিনি অভিযোগ করেন, কালীশংকর সাহার ছেলে ডা. হিমেল সাহা ও পুত্রবধূ তন্নী দেবনাথ দীর্ঘদিন ধরে তার বাবার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এমনকী ব্যবসা প্রতিষ্ঠান ও বাসার বাইরে প্রকাশ্যে অপমানও করা হতো। স্থানীয় অনেকেই এসব ঘটনার সাক্ষী বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

অনামিকা দাস জানান, গত ৮ এপ্রিল আইন অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্বামীর দেখাশোনা ও সংসার পরিচালনার জন্য তিনি চাকরি ছেড়ে দেন। তবে বিয়ের পর থেকেই স্বামীর চিকিৎসক ছেলে ও পুত্রবধূ তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে তাকে নানাভাবে হুমকি ও মানসিক নির্যাতন করতে থাকেন।

তার দাবি, গত ১৬ এপ্রিল কৌশলে তার স্বামীকে আটকে রেখে তার মোবাইলফোন নিয়ে নেওয়া হয়। পরে তাকে জোরপূর্বক ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানতে পারেন। এরপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেছেন উল্লেখ করে জানান, মামলার সিআর নং- ৯৪১/২৬। আদালত সার্চ ওয়ারেন্ট জারি করে কালীশংকর সাহাকে খুঁজে বের করার নির্দেশ দিলেও থানার তদন্ত কর্মকর্তা দায়সারাভাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আদালতে প্রতিবেদন দিয়েছেন।

সংবাদ সম্মেলনে অনামিকা দাস আরও বলেন, স্বামীর ছেলে ও পুত্রবধূ থানায় কোনো সাধারণ ডায়েরি বা নিখোঁজ অভিযোগ পর্যন্ত করেননি। এতে সন্দেহ হয়, পরিকল্পিতভাবে তাকে গুম করার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে তাকে অসুস্থ ও মানসিক রোগী হিসেবে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, তার স্বামীকে ঢাকায় আটকে জোরপূর্বক সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি তার প্রথম পক্ষের মেয়ে, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন, তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন বলে তিনি জানতে পেরেছেন।

সংবাদ সম্মেলনে অনামিকা দাস প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কালীশংকর সাহা অরবিন্দুকে উদ্ধার, তার নিরাপত্তা নিশ্চিত এবং তাকে বিদেশে নেওয়া ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)