যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় অফিসে ঢুকে যুবদল সদস্যসহ দুজনকে গুলি

খুলনা অফিস

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৯:০১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৯:১৭ পিএম
খুলনায় অফিসে ঢুকে যুবদল সদস্যসহ দুজনকে গুলি

খুলনায় পূর্ব শত্রুতার জেরে যুবদলের এক সদস্যসহ দুইজনকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর লবণচরার পুটিমারী বাজার সংলগ্ন এক নম্বর জলমা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন থানার একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত পারভেজ (৩৪) সেখানে প্রবেশ করেন।

পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ের রানে এবং জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

গুলিবিদ্ধ জাহিদ বলেন, ‘আমরা দুজন বিএনপি অফিসে বসে ছিলাম। এসময় হঠ্যাৎ করে মাসুম বিল্লাহকে উদ্দেশ করে পারভেজ গুলি করে। গুলি ঠেকাতে গিয়ে আমার হাতে গুলি লাগে।’

গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ বলেন, ‘আমি যুবদলের এক নম্বর জলমা ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি বসে ছিলাম। এ সময় পারভেজ এসে কথা বলে। ওকে আমি আগে থেকে চিনি। কথা বলে পারভেজ বের হয়ে যায়। এরপর আবার ফিরে এসে আমাকে লক্ষ্য করে গুলি করে। ঠেকাতে গিয়ে জাহিদ গুলিবিদ্ধ হয়। আমি অফিসের পিছন দরজা দিয়ে বের হই। পেছনে ঘের আছে। পারভেজ পিছনের দরজায় এসে আমার বাম পায়ে গুলি করে।’

বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক ব্যক্তি তাদের গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)