মাগুরা প্রতিনিধি
ছিনতাই হওয়া ৬০ ব্যারেল ভোজ্য তেলবাহী ট্রাকের চালক আব্দুর রহমান হত্যার প্রধান আসামি হিটলারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ট্রাক, তেল ও টাকা।
সোমবার বিকেলে মাগুরা এসপি অফিসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, একটি ক্লুলেস হত্যাকাণ্ড অভিযোগের মাত্র একদিনের ব্যবধানে ২৪ মে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো মাগুরা সদরের কেচুয়াডুবি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে আজাদ হোসেন হিটলার (২৭), জাগলা গ্রামের হাজারীলাল সাহার ছেলে বিকাশ সাহা (৩০), রাজিবেরপাড়া গ্রামের ইমারত মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫০) ও বুধইরপাড়ার লোকমান মোল্লার ছেলে হারুন অর রশিদ (৪৮)।
আসামিদের স্বীকারোক্তি মতে ছিনতাইকৃত ট্রাক, ভোজ্য তেল ৬০ ব্যারেলের মধ্যে ৪৫ ব্যারেল তেল, তিন লাখ সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড্রাইভার আব্দুর রহমান হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান এসপি।
গত ১৮ মে নারায়ণগঞ্জ থেকে রাতে মাগুরা আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্সে ৬০ ব্যারেল ভোজ্য তেল নিয়ে ট্রাকটি রওনা হয়ে পথে ছিনতাইয়ের কবলে পড়ে। ড্রাইভারকে হত্যার পর দুর্বৃত্তরা ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। এরপর বিভিন্ন স্থানে তেল নামিয়ে খালি ট্রাক ও ড্রাইভারের লাশ ঝিনাইদহের কোলা বাজারের অদূরে ফেলে রাখা যায়। ঝিনাইদহ পুলিশ ২০ মে অর্ধ গলিত লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা করেন।
গত ২৩ তারিখে মাগুরা পুলিশ সুপারের কাছে এই হত্যাকাণ্ডের বিষয়টি মহামায়া ট্রেডার্সের মালিক গোপাল সাহা অভিযোগ করেন।