স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের চিহ্নিত সন্ত্রাসী হিসাবে পরিচিত এক ডজন মামলার আসামি ইমন কাজী ওরফে ‘ভাগনে ইমনকে’ আদালতের মাধ্যমে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানা পুলিশ। শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ইমন রায়পাড়া এলাকার খালিদ কাজীর ছেলে।
শুক্রবার দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর মমিনুল হক জানান, গত ২৮ এপ্রিল সন্ধ্যার পর শহরের পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোমবাতি ও হ্যারিকেন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। তারা দেশবিরোধী এবং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তে ইমন কাজী ওরফে ভাগনে ইমনের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ভাগনে ইমনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।