লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় দোকানে দই কিনতে গিয়ে মো. সবুজ কাজী (৩২) নামে এক যুবককে ইয়াবাসহ আটকের দাবি করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৩ জুন) বেলা ১২টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন এই তথ্য দিয়েছেন।
আটক সবুজ কাজী নড়াগাতী থানা এলাকার খাশিয়াল গ্রামের আকতার কাজীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বলছে, শনিবার বেলা ১২টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার পশু হাসপাতালের সামনে এক মিষ্টির দোকানের সামনে থেকে সবুজকে আটক করে। পরে তাকে হেফাজতে নিয়ে তল্লাশি করে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওই মিষ্টির দোকানি জানান, ওই যুবক তার দোকানে কাপ দই আছে কিনা জিজ্ঞেস করেছিলেন। এমন সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে আটক করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন জানান, আটক ‘মাদক কারবারিকে’ লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।