অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রবি শেখ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোবার (১৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যাণ্ডসংলগ্ন সাতক্ষীরা ডেয়ারির পাশের গলিতে এ ঘটনা ঘটে।
আহত রবি শেখ বাগেরহাট সদর উপজেলার বাদশালা গ্রামের আলমগীর শেখের ছেলে।
তিনি বলেন, ঢাকা থেকে বাগেরহাট যাওয়ার পথে নওয়াপাড়া রেলস্টেশনে নামেন তিনি। বিকাল সাড়ে ৪টার দিকে নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যাণ্ডসংলগ্ন সাতক্ষীরা ডেয়ারির পাশের গলিতে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান।
এ সময় গলির ভেতরে অজ্ঞাতনামা এক ছিনতাইকারী পথরোধ করে তার বুকের ডান পাশে কোপ দিয়ে কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রকিবুল ইসলাম বলেন, রোগীর বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।
ক্ষত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, মাদকসংশ্লিষ্ট বিষয় কেন্দ্রীক ওই গলিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি মাদক চক্র দীর্ঘদিন যাবৎ ওই গলিতে মাদক সরবরাহের কাজ করে আসছে।
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাই ও ছুরিকাঘাতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।