লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামের কাঠ ব্যবসায়ী নূর মোহাম্মদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বাড়িটিতে ডাকাতি হয়।
নূর মোহাম্মদ জানান, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ৭/৮ জনের মুখোশধারী একদল ডাকাত তাদের পাকা বাড়ির পশ্চিম পাশের লোহার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর তারা দেশীয় অস্ত্রের মুখে ছেলে শাহরিয়ার সোহান শেখ, মেয়ে লিমা এবং গৃহবধূ ফরিদা বেগমকে জিম্মি করে নগদ সাত হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ শুরু করেছে এবং অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।