পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার প্রধান আসামিকে খাগড়াছড়ির রামগড় থানা এলাকা থেকে গ্রেপ্তার ও কথিত অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়, পাইকগাছা উপজেলার ঘোষাল এলাকার মৃত ছবিদুল গাজীর মেয়ে সাদিয়া আক্তার তন্বির (১৫) সাথে খাগড়াছড়ি জেলার রামগড় থানার সোনাইপুল গ্রামের মৃত মোস্তফার ছেলে ইমন (২০) এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ জুন পাহাড় দেখানোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যান ইমন।
মেয়ে নিখোঁজ থাকায় গত ১১ জুন তার পরিবারের পক্ষ থেকে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির সূত্র ধরে থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অভিযুক্তের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। সর্বশেষ এ ঘটনায় গত ২৮ জুন ভিকটিমের মামি বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি মামলা করেন (মামলা নম্বর-২৩)।

মামলার পর রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে রামগড় থানা পুলিশের সহযোগিতায় সোনাইপুল এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে পাইকগাছা থানা পুলিশ। অভিযানে ইমনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং একই সাথে কথিত অপহৃত কিশোরী সাদিয়া আক্তার তন্বিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, জিডি করার পর থেকেই পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। উন্নত প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে ভিকটিম ও আসামির অবস্থান শনাক্ত করা হয়। ভিকটিমকে উদ্ধার ও আসামিকে আটক করে সোমবার ভোরে পাইকগাছা থানায় আনা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।