স্টাফ রিপোর্টার
, যশোর
মাদক মামলায় মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শাহিনুর রহমান এক রায়ে এ সাজা দিয়েছেন।
সাজাপ্রাপ্ত জামাল হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানাধীন স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৮ মার্চ শার্শার বাঁগআচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের কালীবাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে জামাল হোসেনকে আটক ও দেহ তল্লাশ করে তিনটি পলিথিনের প্যাকেটে রাখা তিনশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই শরীফ হাবিবুর রহমান বাদী জামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত জামাল হোসেন আটক আছে।