স্টাফ রিপোর্টার
, যশোর
পৃথক অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ও চাকুসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এসআই সামিউল ইসলাম সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের কালাবাঘা টু সাড়াপোল রাস্তায় ডিউটি পালন করছিলেন।
এ সময় সন্দেহভাজন নুর আলম (৩৫) নামে একজন মোটরসাইকেল আরোহীকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক নুর আলম সদর উপজেলার চাঁচড়া পশ্চিমপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
এদিকে, গত রোববার বিকেলে যশোর সরকারি কলেজের সামনে থেকে ৭০ গ্রাম গাঁজাসহ মোমিনুল ইসলাম ওরফে মোমিন ড্রাইভার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেন সদর পুলিশ ফাঁড়ির এসআই মো. নুর উন নবী। আটক মোমিন ড্রাইভার পূর্ববারান্দীপাড়ার আহমেদ হোসেনের ছেলে।
কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা পৌনে ১২টার দিকে শংকরপুর পশু হাসপাতাল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মনিরুল কাজীর ছেলে মতিয়ার রহমান কাজী (৩৮) একই এলাকার হেলেনকে চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও ভয়ভীতি দেখানো হয়।
মতিয়ার রহমান কাজী একই এলাকার মাসুদ হোসেন সোহেল ও রাজু কাজী নামে দুইজনকে চাকু দিয়ে আঘাত ও কামড়িয়ে জখম করেন। এরমধ্যে কেউ একজন জরুরি সেবা ৯৯৯ নম্বরে পুলিশকে ফোন করেন।
খবর পেয়ে এসআই ফজলুল হক সেখানে গিয়ে চাকুসহ মতিয়ার রহমান কাজীকে আটক করেন।
এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।