স্টাফ রিপোর্টার
, যশোর
নড়াইল সদরের বাঁশগ্রামের আলোচিত মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া এলাকা থেকে অপূর্বকে ও র্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা এলাকা থেকে প্রসেনজিৎকে আটক করে।
আটক অপূর্ব নড়াইল সদরের খনিসাখালী গ্রামের অনাধির ছেলে ও প্রসেনজিৎ একই গ্রামের নিভাসের ছেলে।
র্যাব জানায়, নিহত মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন (৩২) নড়াইল সদরের বাঁশগ্রামের কাওসার মোল্লার ছেলে। ২৫ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চোর সন্দেহে তাকে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই গোলাম নবীর হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যামামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।