স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করার দাবি করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
এসময় আটক দুই ব্যক্তি মাদক কারবারি বলে দাবি করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর ময়লাখানার সামনে এই চালানটি আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রনি মাহমুদ (৩৫) এবং শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডিএনসির একটি টিম ঝুমঝুমপুর ময়লাখানার গেটের সামনে অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার সেখানে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।
পরে কারের ড্যাশবোর্ড কেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়।
ডিএনসি জানিয়েছে, জব্দ ইয়াবার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এই ঘটনায় আটকদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।