দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ঘুরনচন্ডি এলাকার একটি মাছের ঘের লুটের সময় বাধা দেওয়ায় এক চাষিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত শেষরাতে (ভোররাতে) এই হামলার ঘটনা ঘটে বলে জানিছেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী আহত ইয়াদিন আলী মোল্যা। তিনি দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্যার ছেলে।
এই ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলার শিকার ইয়াদিন মোল্যা জানান, প্রতিদিনের মতো ঘটনার রাতেও তিনি নিজের মাছের ঘের পাহারায় ছিলেন। ভোররাত ৪টার দিকে একদল সংঘবদ্ধ লুটেরা ঘেরে নেমে ‘আটল’ (মাছ ধরার বিশেষ ফাঁদ) থেকে মাছ লুটে নিতে থাকে। তিনি এগিয়ে গিয়ে বাধা দিলে লুটেরারা তার ওপর হামলা চালায়। এ সময় লুটেরাদের মধ্যে পারুলিয়া পলগাদা এলাকার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদকে চিনে ফেলায় ইয়াদিন আলীকে ধারালো দা দিয়ে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার চিৎকারে পাশের ঘেরের লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় মাছচাষি খায়রুল ইসলাম, মাসুদ রানা ও ওহিদুল ইসলামসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, গভীর রাত হলেই কিছু অপরাধী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘেরে ঢুকে জোর করে মাছ লুট করে নিয়ে যায়। চোখের সামনে মাছ নিয়ে গেলেও লুটেরাদের অস্ত্রের মুখে তাদের কিছু করার থাকে না। দিনের পর দিন এভাবে মাছ লুটের কারণে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মাছের ঘেরে এমন লুটপাট ঠেকাতে তারা প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।