মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মোল্লাপাড়ায় রাজ্জাক মোল্লা ওরফে নাজো (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার আসরের নামাজের পর নিজ বাড়ির পাশের একটি গাব গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্জাক মোল্লার সাথে পারিবারিক বিষয় নিয়ে তার ভাতিজা রিপন মোল্লার স্ত্রীর দীর্ঘদিনের বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, গত শনিবার পারিবারিক কলহের জেরে ওই নারী রাজ্জাক মোল্লাকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরদিন বিকেলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় নিহতের হাতে রক্তের চিহ্ন দেখতে পায় স্থানীয়রা। এতে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিপন মোল্লার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
যুবকের আত্মহত্যা
মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বলভদ্রপুর গ্রামে মাদক কেনার টাকা না পেয়ে মায়ের ওপর চড়াও হওয়ার পর মামুন ফকির (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে বলভদ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের মাহফুজার ফকিরের ছেলে।
মামুন মাদকাসক্ত ছিলেন। সকালে তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারতে যান। পরে ঘরের ভেতর গিয়ে আড়ার সাথে গলায় ফাঁস দেন।