স্টাফ রিপোর্টার
, যশোর
শার্শায় আব্দুল্লাহ নামে মাদ্রাসার এক ছাত্রের কাছ থেকে গাঁজা উদ্ধার করে দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনা ঘটেছে। ক্ষমতার অপব্যবহার করে এ সাজা দেওয়ায় সহকারী কমিশনার (ভূমি)সহ চারজনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) সাজাপ্রাপ্ত আব্দুল্লাহর পিতা আন্দোলপোতা গ্রামের আব্দুস সালাম এ অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগকারীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ লক্ষণপুর দারুল হাকিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। গত ১১ জুন শার্শার নাভারণ পুরাতন বাজার থেকে এএসআই শাহিন উদ্দেশ্য প্রণোদিত হয়ে আব্দুল্লাহকে আটক করেন। এ সময় তার কাছে থাকা ২ হাজার টাকা নিয়ে নেন পুলিশ কর্মকর্তা শাহিন।
পরে আব্দুল্লার কাছ থেকে গাঁজা উদ্ধার দেখিয়ে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুমের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত কোন প্রকার যাচাই বাছাই ছাড়া কিশোর আব্দুল্লাহকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করে কারাগারে পাঠানোর আদেশ দেন । যা শিশু আইনের পরিপন্থি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ জুন আব্দুল্লাহর পিতা আব্দুস সালাম ও ২৮ জুন আইনজীবীর মাধ্যমে যশোর জেলা প্রশাসন কার্যালয়ের ই-সেবা কেন্দ্রে মামলার নকলের আবেদন করা হয়। পরদিন আবেদনটি শার্শার সহকারী কমিশনার (ভূমি) অফিসে পৌঁছায়। সহকারী কমিশনার (ভূমি) অফিস গিয়ে আব্দুস সালাম, পেশকার রোকনুজ্জামান ও নাজির কাম ক্যাশিয়ার সালাউদ্দিন কাওছারের সাথে যোগাযোগ করলে তারা দুর্ব্যবহার করেন এবং অফিসে আসতে নিষেধ করেন।
এ ঘটনায় আব্দুল্লাহর পিতা আব্দুস সালাম জেলা প্রশাসককের কাছে এ অভিযোগ দিয়েছেন।