কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তর্কে সাংবাদিক পুত্রকে মারপিটের ঘটনার ঝিনাইদহের কালীগঞ্জে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাকৃতরা হলেন, উপজেলার চাঁচড়া গ্রামের মোক্তার আলী (৪০) ও হামিদুল ইসলাম (৩০)। সোমবার ভোরে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুইজনকে দুপুরে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়।
৮ জুলাই রাতে বিশ্বকাপ ফুটবলের খেলা নিয়ে দুই দলের সমর্থকদের বিরোধের জেরে সাংবাদিক জাকারিয়া হোসেনের ছেলে মামুনকে (২২) কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই হাচান আলী জানান, সাংবাদিকপুত্রের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ সোমবার ভোরে চাঁচড়া গ্রামে অভিযান চালায়। এসময় মামলার এক নম্বর আসামি মোক্তার আলী ও হামিদুল ইসলামকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী জাকারিয়া হোসেন জানান, সন্ত্রাসীদের হামলায় আহত তার ছোট ছেলে মামুন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। খেলা নিয়ে তর্কের জেরে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন জানান, সাংবাদিকপুত্রকে জখমের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।