নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদার ওরফে রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ জুলাই) সকাল থেকে পুলিশ প্রহরায় তার এ রিমান্ড শুরু হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার পুলিশ আসামি রবির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন জানালে সদর আমলি আদালতের বিচারক মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চাঞ্চল্যকর এ মামলার একমাত্র আসামি রবিকে জিজ্ঞাসাবাদের জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে নড়াইল সদর থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু।
স্থানীয় সূত্র জানায়, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে প্রতিবেশী ও ফুফাতো ভাই রবিউল সিকদার রবির বিরুদ্ধে শিশু জান্নাতিকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ ওঠে। গত সোমবার (২০ জুলাই) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জান্নাতি দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনার পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে অভিযুক্ত রাজমিস্ত্রি রবিকে দত্তপাড়া এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
ঘটনার দিন মঙ্গলবার দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে অপরাধীকে গ্রেপ্তার করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। অপরাধীর নিকট কোনো মোবাইল ফোন না থাকলেও প্রযুক্তির সহায়তায় আমরা তাকে দ্রুত শনাক্ত করতে পেরেছি। দ্রুততম সময়ের মধ্যে এই মামলার চার্জশিট (অভিযোগপত্র) প্রদান করা হবে এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সকল আইনি সহযোগিতা করা হবে।’
একই সাথে তিনি জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, শিশু জান্নাতিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদারের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকা। মঙ্গলবার সকালে নড়াইল-মাইজপাড়া-মাগুরা সড়কে বৃষ্টির মধ্যেই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র-জনতা।
অপরদিকে, নড়াইল-বেনাপোল-ঢাকা জাতীয় মহাসড়কের দত্তপাড়া এলাকায় চার ঘণ্টা (সকাল ১১টা থেকে বিকেল ৩টা) সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে বিকেল ৩টায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামির দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।
নিহত জান্নাুলের চাচা মুজিবুর রহমান বলেন, ‘সোমবার বিকেলে জান্নাুলের বাবা মফিজুর রহমান স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়িতে আসেন। মিষ্টি খেতে খেতে জান্নাুল বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। এ সময় প্রতিবেশী ফুফাতো ভাই রবিউল তাকে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। ঘণ্টাখানেক পার হলেও জান্নাুল ফিরে না আসায় পরিবার তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রবিউলের ঘরের মেঝোতে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় জান্নাুলের নিথর দেহ উদ্ধার করা হয়। রবিউল একাই ওই ঘরে থাকতেন। বিবাহিত হলেও বেশ কিছুদিন ধরে তার স্ত্রী-সন্তান বাড়িতে ছিলেন না।’