মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
সংবাদ প্রকাশের পর ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ আগুনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন। বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত সাতটি দোকানের মালিকের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
জমিতে উপস্থিত হয়ে এই সহায়তা তুলে দেন জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, আপাতদৃষ্টিতে এই সহায়তা সামান্য মনে হলেও ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
বিতরণকালে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সাতটি দোকান।
আগুনে বিভিন্ন মালামাল ও একটি ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। চোখের সামনে শেষ সম্বল হারিয়ে তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। তবে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।