খুলনা অফিস
খুলনা নগরীর হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে সোয়েব (১৪) নামের এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে লেক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোয়েব সোনাডাঙ্গা বয়রা ক্রস রোডের বাসিন্দা হাসিব মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর মোল্লা পরিবারের বরাত দিয়ে জানান, সোয়েব প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেত। বুধবার বিকেলেও সে একইভাবে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে লেকে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে সোয়েবের বাবা-মা ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করেন।
পুলিশ আরও জানায়, সোয়েব সাঁতার জানতো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকের পানিতে নামতে গিয়ে সে পা পিছলে পড়ে যায় এবং পানিতে ডুবে তার মৃত্যু হয়। তবে তার মাথায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।