চৌগাছা প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিতর্ক প্রতিযোগিতায় যশোরের চৌগাছায় ছারা পাইলট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (৩০জুলাই) দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চৌগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচি বাস্তবায়ন করে।
উপজেলার ছারা পাইলট বালিকা বিদ্যালয়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় এবং চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় দল ‘ক’ ও ‘খ’ গ্রুপে বিজয়ী হয়ে চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে।
বৃহস্পতিবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রতিযোগিতা শেষে দুপুরে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহ-অধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলামিন, চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনীব।
অন্যান্যের মধ্যে চৌগাছার সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক বাবুল আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোবিন্দ চন্দ্র রাহা, সদস্য আমেনা খাতুন, সাংবাদিক আব্দুল মান্নানসহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।